উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন লন্ডন পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন, ইনশাআল্লাহ। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডনের পুরোনো ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। এই হাসপাতালের এনএইচএসের অধীনে উনি (খালেদা জিয়া) চিকিৎসাধীন থাকবেন।’
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বিমানেই ম্যাডামের আগামীকাল রাতে লন্ডনযাত্রা শুরু হবে। এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সরা থাকবেন।’
ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যাবেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
ডা. জাহিদ বলেন, ‘আপনাদের মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীকে দোয়া করার জন্য দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ম্যাডামের পরিবারও ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন।’
এখন লন্ডনের হাসপাতালেই চিকিৎসা
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে, যা আমরা বিভিন্ন সময়ে বলেছি। সর্বোপরি উনার লিভারের জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে কম্পেনসেন্টারি লিভার ডিজিজ বলে গ্রেট-টু সেটার জন্য টিপস (চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস-টিপস) করা হয়েছে। টিপসের কিছু টেকনিক্যাল আসপেক্ট আছে এডজাস্টমেন্টের বিষয় আছে। আপনি দেখতে হার্টে স্টেন্টিং করার পর চেক করে আবার সেটার জন্য রি-স্টেন্টিং করে অথবা চেক করে দেখে যে, স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কিনা, এই জিনিসগুলো তো আমরা করতে পারিনি।’
তিনি বলেন, ‘হার্টে উনার ব্লক ছিল একাধিক। আমরা খালি লাইসেইভিং যেটুকু পোরসন সেটুকু করা হয়েছিল ওই সময়ে। কারণ ওই সময়ে উনার শারীরিক সুস্থতা ওইরকম ছিল না। উনার আরও যে ব্লক আছে সেটা অ্যাডড্রেস করার দরকার আছে, উনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা অ্যাডড্রেস করতে হবে। উনার করোনা পরবর্তী সময়ে কিছু জটিলতা হয়েছে সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে।’
ডা. জাহিদ বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, উই আর হেন্ডেলিং এ পেসেন্ট মাল্টিপল ডিজিজ আছে। সেজন্য আমরা লন্ডন ক্লিনিকে যেটি মাল্টি ডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টার সেখানে নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপর ডিসিশন হবে উনার নেক্সট কোর্স অব ডিসিশন কী হবে?’
যুক্তরাষ্ট্রের চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, ‘যদি আমরা ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করি যে ইয়েস শি নিডস, তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যেতে হবে, তখন হয়তো যাওয়ার একটা প্রশ্ন আসে।’
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হজ ও ওমরাহ অবশ্যই আল্লাহ চাইতে হবে। টিকিট করার পর যাওয়ার পরও এমনও হয়েছে অনেকে করতে পারেন না। কাজেই উনি একজন ধার্মিক মানুষ, মনের ইচ্ছা আছে। উনি সুযোগ পেলে হজ করেছেন, ওমরাহ করেছেন পরিবারের সদস্যদের নিয়ে বেশ কয়েকবার। এত নির্যাতন-অত্যাচার, কষ্টের পর শুকরিয়া আদায় করার জন্য ডেফিন্টেলি উনার ওমরাহ পালনের আগ্রহ আছে।’